
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ মেয়েকে কবিরাজি চিকিৎসা করাতে হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান তার মা। এ সময় কিশোরীর মাকে তেল ও পানি আনতে বাড়িতে পাঠিয়ে তাকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে হোসাইনের বিরুদ্ধে। পরে কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।