
রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে যাওয়ার অভিযোগ
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, স্কুলের পাঠদান চলার সময় অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলাকালে কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশ অমান্য করে কোনো কোচিং সেন্টার খোলা রাখা হলে সেখানে অভিযান চালানো হবে বলেও সতর্ক করেছেন জেলা প্রশাসক।
কোচিং সেন্টারগুলোকে ঘিরে আরও বিভিন্ন অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন কাজী শহিদুল ইসলাম। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ে ভর্তি করানোর জন্য অগ্রিম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিষয়েও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গণবিজ্ঞপ্তির নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।