
ভোলার লালমোহন উপজেলায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
তিনি বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। কন্যাশিশুরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।