
ফজরের আজান হঠাৎ থেমে যাওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। দ্রুত মসজিদে গিয়ে তারা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন সৈয়দ আলী মৃধা (৪৯)।
সোমবার ভোরে নাটোরের নলডাঙ্গা উপজেলার চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। সৈয়দ আলী মৃধা ওই এলাকার শাহাদ হোসেনের ছেলে।
প্রতিবেশী তুষার আহমেদ বলেন, প্রতিদিনের মতো সোমবার ভোরেও মসজিদের মাইকে ফজরের আজান দিচ্ছিলেন সৈয়দ আলী মৃধা। হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে কয়েকজন মসজিদে গিয়ে তাকে ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চর বাঙালপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সৈয়দ আলী মৃধা ভালো মানুষ। তার কোনো শত্রু আছে বলে জানা নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
পিঁপরুল ইউনিয়নের সদস্য আমিরুল ইসলাম জানান, ধারালো ছুরি দিয়ে সৈয়দ আলী মৃধার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।