
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দুই সহযোগী কৌশলে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া শহীদ জিয়া হলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার লেদা ক্যাম্প এলাকার আসমা বেগম (৪৫), একই জেলার কচুবুনিয়া এলাকার ফিরোজ আলম (৪৫) ও মো. সাবের (৩২)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মুনসুর আহমেদ ও এএসআই (নিরস্ত্র) আমিরুল হাসানের নেতৃত্বে চাষাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আসমা বেগম, ফিরোজ আলম ও মো. সাবেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পলাতক দুজনের নাম মাসুদ ওরফে রাজা (৩৫) এবং শ্যামল (৩২) বলে পুলিশকে জানানো হয়েছে। তারা নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর বাড়ীরটেক এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জসদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।