-6aae135a3e0ea-6aaf669de1d2a.webp)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ। ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের মায়ের হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অপ্রতিম হত্যার পুরো ঘটনার বিস্তারিত রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে। এর আগে পর্যন্ত সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে অপ্রতিমের সঙ্গে যে কিশোরকে দেখা গিয়েছিল, তার বাড়ি থেকেই আইফোনটি উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করেন। অপ্রতিম নিখোঁজ হওয়ার সময় তার মায়ের ওই আইফোনটি সঙ্গে নিয়ে বের হয়েছিল।
তদন্তে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, আইফোনটি হাতিয়ে নেওয়াকে কেন্দ্র করেই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত উদ্দেশ্য নিয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খুঁজে বের করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছের একটি ক্যামেরার ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। অপ্রতিমের চেয়ে বয়সে বড় ওই কিশোরের মাথায় ক্যাপ ছিল। ফুটেজে দুজনের চলাফেরার ধরন দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়।
পরবর্তী সময়ে ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজেও ওই কিশোরকে অপ্রতিমকে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।
ওই কিশোরের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। একপর্যায়ে তারা ওই কিশোরের বাড়িতেও যান। অপ্রতিমের মরদেহ উদ্ধারের আগেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
এরপর শনিবার দুপুরে কোটবাড়ি এলাকা থেকে ওই কিশোরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৮টার দিকে সালমানপুর এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে অপ্রতিমের মায়ের হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়।