.jpg)
জ্বর দিয়ে শুরু হয়েছিল অসুস্থতা। পরে দেখা দেয় জন্ডিস। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৬ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রিয়াজুলকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার দুই কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। লিভারেও সমস্যা রয়েছে। বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি।
রিয়াজুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে জ্বরে আক্রান্ত হন তিনি। প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে জন্ডিস দেখা দিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর কিডনির জটিলতার বিষয়টি ধরা পড়ে।
পরিবারের হিসাবে, প্রতিদিন চিকিৎসা, ওষুধসহ প্রায় ৩ হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে। এর বাইরে নিয়মিত ডায়ালাইসিসের ব্যয়ও রয়েছে। এ অবস্থায় চিকিৎসা চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারটি।
রিয়াজুলের স্ত্রী ও এক ছেলে রয়েছে। ঢাকায় রিকশাচালক ও বাসের হেলপার হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার আয় বন্ধ। ফলে একদিকে চিকিৎসার ব্যয়, অন্যদিকে সংসারের খরচ দুই চাপেই দিশেহারা পরিবার।
রিয়াজুলের বড় ভাই আনোয়ারুল ইসলাম রানা বলেন, ‘সামান্য যে সঞ্চয় ছিল, সেটাও চিকিৎসায় শেষ হয়ে গেছে। এখন ধারদেনা করে চিকিৎসা চালাতে হচ্ছে। ভাইকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। কিন্তু চিকিৎসার খরচ চালানো আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।’
উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, চিকিৎসাসংক্রান্ত সব প্রতিবেদন নিয়ে সরকারি সহায়তার জন্য আবেদন করতে পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নীতিমালার আওতায় যতটুকু সহায়তা করা সম্ভব, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তা দেওয়ার চেষ্টা করা হবে।
রিয়াজুলের চিকিৎসা চালিয়ে নিতে সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছে তার পরিবার।
সহায়তা পাঠানোর ঠিকানা:
অগ্রণী ব্যাংক, রংপুর শাখা
সঞ্চয়ী হিসাব: ০২০০০২৪৭২৯৪৯৬
বিকাশ: ০১৭২৮৩৩১৫৮৫।