
রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ। ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত’ সন্দেহে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মসজিদটির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় ‘মিট-আপ’ করছিল। দলটির জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ৩০ থেকে ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। অভিযান শেষে সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় যাচাই চলছে
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মসজিদের ভেতরে গোপন বৈঠক চলার সময় সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়। বর্তমানে আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
কোন সংগঠনের সঙ্গে যুক্ত, নিশ্চিত নয়
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ২৩ জন কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিই এখন যাচাই করে দেখা হচ্ছে।
অভিযান শেষ হওয়ার পর ঘটনাস্থলে পুলিশের সদস্যদের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত হন।
আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তেজগাঁও কলেজ জামে মসজিদ ও এর আশপাশের সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।