
কুমিল্লার বাঙ্গরা উপজেলায় বাঙ্গরাবাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৮) বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উত্তর পেন্নই গ্রামের মনু মিয়ার বড় ছেলে এবং শ্রীকাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত আনোয়ার হোসেনের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর স্ত্রী মোমেনা বেগম স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁকেও কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
হামলার পর দুর্বৃত্তরা কিছু সময় নিহতের লাশ ঘিরে রাখায় স্বজনরা কাছে যেতে পারেননি। পরে রোববার ভোরে খবর পেয়ে বাঙ্গরাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ছাড়া গুরুতর আহত মোমেনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঙ্গরাবাজার থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, নিহত আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাঙ্গরাবাজার থানা ও মুরাদনগর থানায় মোট ৫টি মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।