
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হকের (৩৫) মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোস্তাকিম (৩৮) নামে আরও এক বাংলাদেশি যুবক। একই ঘটনায় গুলিবিদ্ধ শ্রী উদা চন্দ্র (৩৫) নামে অপর এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপির কাছাকাছি ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বসুদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। মোস্তাকিম উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে। আর গুলিবিদ্ধ শ্রী উদা চন্দ্র একই গ্রামের মনশা চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বৈরচুনা সীমান্তের বিপরীতে ভারতের বিএসএফের ৬৩/চকশিবানন্দ ও ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর ক্যাম্প দায়িত্বে রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে একদল বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি চালান বিএসএফ সদস্যরা।
এ ঘটনায় আসাদুল হক, মোস্তাকিম ও শ্রী উদা চন্দ্র গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে প্রথমে আসাদুল হক মারা যান। এরপর রাতে মৃত্যু হয় মোস্তাকিমের। বর্তমানে তাদের মরদেহ ভারতের ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে গুলিবিদ্ধ শ্রী উদা চন্দ্র বিএসএফের হেফাজতে রয়েছেন।
দিনাজপুর ৪২ বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত আসাদুল হক একজন চিহ্নিত চোরাকারবারি ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, নিহত দুই ব্যক্তি একই এলাকার বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
সীমান্তে হতাহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে হতাহতের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার প্রতিবাদ জানানোর জন্য ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।