
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকেরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ইন্টার্ন চিকিৎসকেরা বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে গিয়ে কাউন্টারের তালা ভেঙে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের সামনে অবস্থান নেন।
ইন্টার্ন চিকিৎসকেরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য সেবাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
হঠাৎ বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগে পড়তে হয়। টিকিট সংগ্রহ করতে না পেরে অনেক রোগীকে হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে দেখা যায়।
শজিমেক হাসপাতালের উপপরিচালক মুঞ্জুর-ই-মোরশেদ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের দুপুর ১২টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা।
এর আগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলায় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করে চিকিৎসাসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও স্বজনরা।