
রংপুরের সরকারি বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন ছেলে ও ১৪ জন মেয়ে রয়েছেন।
পুলিশ জানায়, চিড়িয়াখানার বিভিন্ন বেঞ্চ, বিশ্রামের শেড এবং কম যাতায়াতের স্থানগুলোতে অসামাজিক কার্যকলাপের সময় তাদের আটক করা হয়।
২৭ তরুণ-তরুণীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের। তিনি বলেন, ‘রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে গোয়েন্দা বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এতে ২৭ জনকে আটক করে কোতোয়ালী থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
ওসি জানান, আটক ব্যক্তিদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।