
রাঙামাটি জেলার মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে রাঙামাটি-কুতুকছড়ি সড়কের মানিকছড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী পিকআপটি রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনায় নিহতরা হলেন—মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগেই রাখা হয়। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আহতদের মধ্যে পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে রেফার করা হলেও পথেই তাঁর মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহত ও আহতদের হাসপাতালে আনা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।