.jpg)
কুড়িগ্রাম জেলা সাব-রেজিস্ট্রি অফিসে জাবেদা ফি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নকলনবিশ মো. মমিনুল ইসলাম (পিতা: আবুল কাশেম) গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের ভিতরে এ ঘটনা ঘটে।ঘটনার পর সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় উত্তেজনা বিরাজ করছে
অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত কয়েকজন ব্যক্তি মেরাজ, জীবন ও জাহিদুল ইসলাম নকলনবিস মমিনুল ইসলামের ওপর হামলা চালান।এতে গুরুতর আহত হন মমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জাবেদা ফি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নকলনবিশদের দাবি অনুযায়ী ফি নির্ধারণ নিয়ে মতবিরোধ হয়।মাত্র ১০০ টাকার জেরে তা সংঘর্ষে রূপ নেয়।
হামলায় মমিনুল ইসলামের হাতে হাড় ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস বলেন,জাবেদা ফি নিয়ে একটি দ্বন্দ্ব চলছিল। বিষয়টি আমরা আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করছিলাম। এরই মধ্যে হামলার ঘটনা ঘটে। যারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।