
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আবু হানিফ ওরফে নিউটন সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন এবং পবিত্র কোরআনের প্রতি অবমাননাকর আচরণ করতেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি বিরত হননি বলে দাবি করেন তারা। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার প্রতিবাদে সাদুল্লাপুর ওলামা পরিষদের উদ্যোগে থানা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা আদালত বা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।