
কার্তিকের প্রথম দিনে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সকালে মিষ্টি রোদ আর হালকা বাতাসে দিনের শুরু হলেও সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রাজধানী ও আশপাশের এলাকার জন্য সকাল ৭টায় দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।