
রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলে মোঃ সাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরের শহরের আসামবস্তি এলাকার জনৈক সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা-মা হলেন-মোঃ রফিকুল ইসলাম ও রেখা বেগম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে মাদক থেকে দূরে রাখতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসা করানো হয় এবং পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও তিনি আবার মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকাসক্তির কারণে সাকিবুলের আচরণে পরিবারটি দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। মাদক সেবন ও কথিত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া-বিবাদ হতো।
শনিবার দুপুরে সাকিবুলের সঙ্গে তাঁর বাবা-মায়ের আবার কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁর মা ধারালো দা দিয়ে ছেলের ঘাড়ে কোপ দেন। এতে সাকিবুলের ঘাড়ে গুরুতর জখম হয় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয় অটোরিকশাচালক সাইফুল ইসলাম আহত সাকিবুলকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের মা-বাবাকে আটক করা হয়েছে।