
ভোলার মনপুরায় উপকূলীয় জলদস্যুতা ও ডাকাতির আতঙ্কের অপর নাম ‘স্বপন বাহিনী’র মূল আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের এক বিশেষ যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত প্রধান স্বপনকে (৫০) হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। মনপুরা উপজেলার কাজিরচর সংলগ্ন মাছঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বুধবার রাত সাড় ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। গ্রেপ্তার হওয়া ডাকাত সরদার স্বপন মনপুরা উপজেলার হাজির হাট এলাকার স্থায়ী বাসিন্দা।
কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা এবং আউটপোস্ট মনপুরার একটি চৌকস দল মনপুরা উপজেলার কাজিরচর সংলগ্ন মাছ ঘাট বাজারে গতকাল রাত থেকে শুরু করে আজ বিকেল ৩টা পর্যন্ত এক দীর্ঘস্থায়ী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে আস্তানা থেকে শীর্ষ ডাকাত স্বপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাহিনীর সদস্যরা।
পরবর্তীতে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং ৮টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা অস্ত্র ও গ্রেপ্তারকৃত ডাকাত প্রধানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অভিযুক্ত স্বপন দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে নিজের নামে সশস্ত্র ‘স্বপন বাহিনী’ গঠন করে ডাকাতি, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।