
সিলেটে হাম ও নিউমোনিয়ার প্রকোপ কমার বদলে আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ায় বিভাগজুড়ে রোগটির বিস্তার নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া শিশু আরিয়ান আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার আল আমিনের ছেলে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৬৬ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৬ জনে পৌঁছেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ৫১২ জন। এর মধ্যে সুনামগঞ্জে ২৭২ জন, সিলেটে ১৭২ জন, হবিগঞ্জে ৫১ জন, যার মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত এবং মৌলভীবাজারে ১৭ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন, লায়ন্স হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২৬৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, লায়ন্স হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে হামের সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, ‘হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।’