
কুড়িগ্রামে এনসিপির অঙ্গসংগঠন জেলা জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শনিবার রাত ৮টায় কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান মজলিস তারা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি কুড়িগ্রামের তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করবে। শিক্ষা, কর্মসংস্থান, মাদকবিরোধী সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল বলেন, যুবসমাজ দেশের অন্যতম শক্তি। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই যুবশক্তি জেলার প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতারা। তারা সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সবার সহযোগিতা প্রত্যাশা করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে একই দিন বিকেলে জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।