
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়, এটি তাদের অধিকার। পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রকে আধুনিকায়ন করা হচ্ছে।
রবিবার (১২ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রে প্রথমবারের মতো স্থাপিত ক্যারিয়ার কর্ণারের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
উপাচার্যের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এটি স্থাপন করা হয়েছে। ক্যারিয়ার কর্নারে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বশেষ সহায়ক বই, সাময়িকী এবং ক্যারিয়ার গাইডলাইন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
ক্যারিয়ার কর্নার উদ্বোধনের সময় উপাচার্য আরো বলেন, লাইব্রেরি শিক্ষার্থীতে পরিপূর্ণ থাকা একজন উপাচার্যের জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমরা শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করতে সুযোগ-সুবিধা বাড়িয়েছি। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের জব কর্ণার স্থাপনের দাবির প্রতি সাড়া দিয়ে ক্যারিয়ার কর্ণার স্থাপন করা হল। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবেন।
উপাচার্য ড. শামীম বলেন, আমাদের লক্ষ্য বিশ্বমানের একটি স্মার্ট লাইব্রেরি গড়ে তোলা। আমরা ই-বুক এবং আন্তর্জাতিক মানের ই-জার্নালের সাবস্ক্রিপশন যুক্ত করার প্রক্রিয়ায় আছি, যেন শিক্ষার্থীরা বিশ্বের যেকোন প্রান্তের সর্বশেষ গবেষণাপত্র সহজে পড়তে পারে। রেফারেন্স বইয়ের সংখ্যা বহুগুণে বৃদ্ধি করা হবে। নিরবছিন্ন ব্রাউজিং ও গবেষণার জন্য লাইব্রেরির ভেতরে ডেডিকেটেড হাই-স্পিড ওয়াই-ফাই এবং কয়েকটি কম্পিউটার নিয়ে ছোট আইটি জোন স্থাপন করা হবে। লাইব্রেরির সময় রাত ১০টা পর্যন্ত করা হবে। সর্বোপরি লাইব্রেরির গুণগতমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছি।
ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামসহ জ্যেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. মো. কামরুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্যের নিজস্ব অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।