
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় এক মণ ওজনের একটি বিশাল কাতলা মাছ। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় জেলের জালে ধরা পড়া মাছটি পরে স্থানীয় বাজারে ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বিশাল আকৃতির মাছটি দেখতে নদীর ঘাটে ভিড় করেন উৎসুক মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পেশাদার জেলে মুরাদ হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। রায়টা পাথরঘাট এলাকায় বেড়জাল ফেলার কিছুক্ষণ পর জালে অস্বাভাবিক ভারী কিছু আটকা পড়ার আভাস পান তারা। পরে জাল টেনে তীরে তুলতেই ধরা পড়ে ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ।
পদ্মা নদীর ওই অংশে এত বড় কাতলা ধরা পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে নদীর ঘাটে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হলে স্থানীয় বাসিন্দা রিপন আলী ও তাঁর কয়েকজন বন্ধু মিলে প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে মুরাদ হোসেন বলেন, ছোটবেলা থেকে পদ্মা নদীতে মাছ ধরছেন তিনি। তবে জীবনে এই প্রথম এক মণ ওজনের কাতলা মাছ ধরতে পেরেছেন। এত বড় মাছ পাওয়ায় তিনি আনন্দিত।
মাছটির অন্যতম ক্রেতা রিপন আলী বলেন, পদ্মার এত বড় ও টাটকা কাতলা সচরাচর পাওয়া যায় না। খবর পেয়ে তিনি বন্ধুদের নিয়ে মাছটি কিনেছেন। পরে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে বলে জানান তিনি।