
কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শকে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও একই দুর্ঘটনার শিকার হন। বুধবার (৮ জুলাই) দুপুরে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বলদিপাড়া এলাকার বাসিন্দা আবু সাইয়েদ (৬৮) এবং তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচ স্পর্শ করার সময় আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে ছুটে আসেন তার স্ত্রী রাবেয়া বেগম। তবে স্বামীকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে আসেন।
ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে রাবেয়া বেগমও মারা যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”