
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠকে। শনিবার তেহরানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই দেশের সম্পর্ককে ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ ভবিষ্যতে পারস্পরিক লাভজনক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।