
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আগামী ৪ জুলাই দেশজুড়ে নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও, উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক দিনটিকে তেমন গুরুত্ব দিয়ে দেখছেন না বলে এক জরিপে উঠে এসেছে।
গত ১২ থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে পরিচালিত রয়টার্সের এ জরিপে দেশটির ১ হাজার ৫৩৭ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ এবারের স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনা করেছেন।
রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে উদযাপনের আগ্রহে কিছুটা পার্থক্যও দেখা গেছে। জরিপ অনুযায়ী, রিপাবলিকান সমর্থকদের ৯১ শতাংশ স্বাধীনতা দিবসের আয়োজনে অংশ নিতে চান। একই হার ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ৭৬ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৭৪ শতাংশ।
তবে দেশটির ভবিষ্যৎ নিয়ে মার্কিনদের মধ্যে উদ্বেগ ও বিভাজনের চিত্রও উঠে এসেছে জরিপে। অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ মনে করেন, আগামী ২৫০ বছর পর যুক্তরাষ্ট্র বর্তমানের মতো একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে—এমন সম্ভাবনা খুব বেশি নয়।
অন্যদিকে, প্রতি পাঁচজনের একজন জানিয়েছেন, তারা এ বছর স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশের মতে, ৪ জুলাই মূলত পরিবারের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া বা সাধারণ ছুটির দিনের মতোই একটি দিন।
উদযাপনের ধরন নিয়েও পাওয়া গেছে নানা তথ্য। প্রায় ৪৮ শতাংশ অংশগ্রহণকারী পরিবার বা বন্ধুদের নিয়ে বারবিকিউ কিংবা বিশেষ খাবারের আয়োজন করার পরিকল্পনা করেছেন। এছাড়া ১৬ শতাংশ মার্কিন নাগরিক জাতীয় পতাকার রঙ—লাল, সাদা ও নীল—অনুসরণ করে খাবার বা মিষ্টান্ন প্রস্তুত করতে চান।
জরিপ অনুযায়ী, ৩৪ শতাংশ মানুষ আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে যাবেন এবং ১৮ শতাংশ নিজেরাই আতশবাজি ফোটানোর পরিকল্পনা করেছেন।
এ ছাড়া ৪১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা নিজেদের বাড়ির বাইরে জাতীয় পতাকার আদলে সাজসজ্জা করবেন। এ ক্ষেত্রে রিপাবলিকান সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি; তাদের মধ্যে ৬৪ শতাংশ এ ধরনের সাজসজ্জার পরিকল্পনা করেছেন, যা ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।