শেরপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের সীমান্ত এলাকা দিয়ে পুশব্যাক করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন তাওয়াকুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার এলাকার মো. মোস্তফা আলীর ছেলে মো. ইব্রাহিম (৩৩) এবং একই উপজেলার ঘনশ্যামপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. শরীফ (১৮)।
বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১০৯৭ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গাজান এলাকায় দুই অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, গত ২৬ জুন দালাল চক্রের সহায়তায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে একই চক্রের সহায়তায় তারা আবার বাংলাদেশে ফিরে আসেন।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় অবৈধ অনুপ্রবেশকারী ওই দুই বাংলাদেশিকে আটকের পর সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১০৯৬-এর ২এস-সংলগ্ন এলাকা দিয়ে তাদের পুশব্যাক করা হয়।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত আছে।