
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে একটি পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে, রোববার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. পিয়ার আলী (৩২)। তিনি ঝিনাইগাতী উপজেলার নওকুচি কুচপাড়া গ্রামের ফজল হকের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন নকশী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে পিয়ার আলীকে একটি পাইপগানসহ আটক করে। পরে আটক ব্যক্তি এবং উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।