
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী হাবেলিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে ১৯১তম মহররম পালন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ১০ মহররম দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে আহলে বাইতের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন স্থানীয় ভক্ত-অনুসারীরা।
মহররম উপলক্ষে পাক পাঞ্জাতন এবং বিশেষ করে হযরত ইমাম হাসান (রা.) ও হযরত ইমাম হোসাইন (রা.)-এর স্মরণে একটি তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি অষ্টগ্রাম হাবেলি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা জারি, মর্সিয়া ও আহাজারির মাধ্যমে কারবালার মর্মন্তুদ ঘটনার স্মৃতিচারণ করেন। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ম. সাজন উদ্দিন ভুঁইয়া, এম. রহিম, মো. চান মিয়া, আমিনুল ইসলাম সুজন, রায়হান মিয়া, ইদ্রিস মিয়া, মো. রহমত আলী, মো. শরিফ মিয়া, জসিম মিয়া, জামাল খন্দকার, দানা মিয়া, আবুল কালাম, আহসান হাবীব মেন্টু, হামিদুর রহমান, জামাল উদ্দিন ভুঁইয়া, এজান মল্লিক, আসাব মল্লিক, হরমুজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী এবারও শান্তিপূর্ণ পরিবেশে মহররমের সব কর্মসূচি সম্পন্ন হয়েছে। দিনব্যাপী শোকানুষ্ঠানে শত শত ভক্ত-অনুসারী অংশ নেন। পরে তাজিয়া গাস্তের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।