
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউপিডিএফ (মূল) কর্তৃক সাধারণ শ্রমিকের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
রোববার (২১ জুন) দুপুরের দিকে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে নাগরিক পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পিসিএনপির মাটিরাঙ্গা পৌর শাখার সিনিয়র সভাপতি ওসমান চিশতি।
এতে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি সুমন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদ এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক এস এম হেলাল প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি হত্যা ও গুমের বিচার হয়নি। পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর হাতে ১৯৮৬ সাল থেকে বহু বাঙালি হত্যা ও গুমের শিকার হয়েছে। মাটিরাঙ্গায় তিন ব্যবসায়ীর গুমের প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখনো কোনো হদিস পাওয়া যায়নি।
তারা আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে তিন পার্বত্য জেলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ে বাঙালিরা প্রতিমুহূর্তে শোষণের শিকার হচ্ছে। ব্যবসা-বাণিজ্য করতে হলে মাটিরাঙ্গায় চারটি গ্রুপকে চাঁদা দিতে হয়। সেই চাঁদার টাকায় অস্ত্র কিনে বাঙালিদের ওপর গুলি চালানো হচ্ছে বলেও তারা দাবি করেন। এসব চাঁদাবাজি বন্ধে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, গত শনিবার (২০ জুন) রাতে মাটিরাঙ্গা মুসলিমপাড়া গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হন। এই ঘটনার জন্য পিসিএনপি সমর্থিত ইউপিডিএফ (মূল)কে দায়ী করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।