
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
শুক্রবার (১৯ জুন) তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, গণশুনানি শেষে নতুন নাম চূড়ান্ত করা হবে। এরপর নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ইউনিয়ন দুটির নাম নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়। অভিযোগ ছিল, ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ নাম দুটি স্থানীয় একজন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ, যা নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি হয়।