
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলের দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) এবং তার মেয়ে খাদিজা আক্তার (১০)।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। পরে দুপুরে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়বাড়ির দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রাপথে শাহদারীপাড়া এলাকায় পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বজ্রপাত হয়।
এ সময় তার পকেটে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল। বজ্রপাতের কারণে ফোনটি পুড়ে যায় এবং খালিদুলের পরনের শার্টও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সময় উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বজ্রপাতে আসব খানের দুটি গরুও মারা গেছে।