
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর এবং ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছাত্রদলের আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা।
মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী–সহ এনসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খান আহত হন বলে উল্লেখ করা হয়েছে।
মামলায় ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন ও সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আটজনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ছিনতাই হওয়া মালামালের মধ্যে সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড ছিল, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।
এজাহারে আরও বলা হয়, স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপি নেতাকর্মীদের হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।