
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত র্যাব সদস্য ইমন আচার্য র্যাব-৯-এ কর্মরত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, কোতোয়ালি থানা পুলিশের একটি দল মাদকাসক্ত ছিনতাইকারীদের ধাওয়া করলে সাদা পোশাকে থাকা ইমন আচার্য ঘটনাস্থলে এগিয়ে এসে একজনকে আটক করেন। এ সময় ছিনতাইকারী হঠাৎ তার বুকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলার পর অভিযুক্ত ছিনতাইকারী পালিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে এক শিশুকে জিম্মি করে। পরে পুলিশ কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছে পুলিশ।