
দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় আগামী চার দিন মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দমকা কিংবা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে বৃষ্টির মধ্যেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক ভিডিও বার্তায় এ পূর্বাভাস দেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি জানান, শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৫১ থেকে ৭৫ শতাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সময়ে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে মাঝারি বৃষ্টি ধরা হয়। ২৩ থেকে ৪৩ মিলিমিটার হলে তা মাঝারি ধরনের ভারি বৃষ্টি, ৪৪ মিলিমিটারের বেশি হলে ভারি বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতিভারি বৃষ্টিপাত হিসেবে বিবেচনা করা হয়।
শনিবার ও রোববারও ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আফরোজা সুলতানা। তাঁর ভাষ্য, এ দুই দিনে রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায়ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে।
সোমবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২২ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।