
বগুড়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে ‘জিন তাড়ানোর’ কথা বলে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রেজাউল করিম ওই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। মাথাব্যথাজনিত সমস্যায় ভোগার কারণে তার পরিবার তাকে কবিরাজ রেজাউল করিমের কাছে নিয়ে যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, কিশোরীর ওপর ‘জিনের আছর’ রয়েছে এবং ঝাড়ফুঁকের মাধ্যমে তা দূর করতে হবে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করেন ওই কবিরাজ। পরিবারের সদস্যদের বাইরে থাকতে বলা হয়। এরপর ঝাড়ফুঁকের একপর্যায়ে তিনি কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। কিশোরীর চিৎকারে ঘটনাটি প্রকাশ পায়।
ঘটনার পর রাতেই ভুক্তভোগীর বাবা বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী বলেন, অভিযোগ পাওয়ার পরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।