
পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার পৃথক দুটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল কুয়াকাটা পৌরসভার একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাইনুর আক্তার (২৯), চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার বাসিন্দা এবং মো. বেল্লাল আকন (৪৬), কুয়াকাটা পৌর এলাকার মেলাপাড়ার বাসিন্দা।
এর আগে একই রাতে কুয়াকাটা পৌরসভার হাজী সড়কসংলগ্ন অপর একটি হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশের আরেকটি দল। সেখান থেকে ১০৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
পটুয়াখালী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।