
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। আহতদের মধ্যে রয়েছেন দুই পক্ষের শীর্ষ পর্যায়ের নেতাও।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, কর্মী রাকিব ও আপন। অপরদিকে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. সুজন মিয়া, কর্মী মাহিন ও শরিফুল ইসলাম আহত হয়েছেন। পরে তাদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুবেল মিয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয় বলে জানা গেছে। ওই পোস্টকে ঘিরেই মূলত দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে পরিণত হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি বলে জানান তিনি।