
পদ্মা নদীতে দায়িত্ব পালনরত নৌ পুলিশের ওপর গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় ওসিসহ পাঁচ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। কুষ্টিয়ার হরিপুর এলাকায় সংঘটিত এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো অঞ্চলে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহল চলাকালে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল কুষ্টিয়া অংশে পদ্মা নদীতে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে হঠাৎ গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি শুরু হয়।
এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহত অন্যরা হলেন—ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।
গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।