
কুমিল্লার ধর্মসাগর এলাকায় বেড়াতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন এক পুলিশ দম্পতি। ঘটনার পর দ্রুত অভিযানে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— নগরীর কালিয়াজুড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রিফাত (১৯) এবং আদর্শ সদর উপজেলার ভুবনঘর এলাকার সিয়াম (২০)।
পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা এবং তার স্বামী চাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়ের নগরীর ধর্মসাগর এলাকায় ঘুরতে যান। এ সময় অজ্ঞাত তিন যুবক জাকিয়া সুলতানাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করে। এতে তার স্বামী প্রতিবাদ জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. শামসুল আলম শাহ জানান, ঘটনার পরপরই ডিবি ও থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে টানা ১২ ঘণ্টার অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।