
আবাসিক এক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণের চেষ্টার অভিযোগে নোয়াখালী শহরের একটি মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ, আর আজ (৩ এপ্রিল) আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।
গ্রেপ্তার শিক্ষক মোহাম্মদ মারুফ (২২)-এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করে ধ’র্ষ’ণের চেষ্টা করেন। ঘটনার পরপরই বিষয়টি প্রকাশ্যে না এলেও ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে শিক্ষার্থীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন তাঁর বাবা। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী ঘটনাটি খুলে বলে। এরপরই তাঁর বাবা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সুধারাম থানার এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেন, ‘অভিযুক্তকে মাদ্রাসা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’