
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের অভিজাত এলাকা দুবাই মেরিনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলার ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে চালানো এই হামলায় প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হলেও শেষ পর্যন্ত একটি ভবনে আঘাত হানে ধ্বংসাবশেষ।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (৪ এপ্রিল) সকালে তেহরান থেকে ছোড়া ড্রোন ও মিসাইল প্রতিহত করার চেষ্টা চালায় আমিরাত। তবে প্রতিহত করা একটি মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে দুবাই মেরিনার একটি ভবনে।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে, শুক্রবার আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছিল আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত ব্যক্তি ছিলেন মিসরের নাগরিক। আহতদের মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন মিসরীয় রয়েছেন।
হাবসান গ্যাস স্থাপনাটি দেশটির বৃহত্তম প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হিসেবে পরিচিত। হামলার পর সেখানে আগুন ধরে যায় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ শুরু করে তেহরান। প্রথমদিকে এসব হামলা সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বাণিজ্যিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
ইরান আগে নিজেদের বাণিজ্যিক স্থাপনায় হামলার জবাবে মার্কিন স্থাপনাগুলোতে আঘাত হানার হুমকি দিয়েছিল। তবে দুবাই মেরিনায় সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনা সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।