
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে প্রশাসন। অভিযানে প্রায় ১৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার হওয়ায় এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে পৃথকভাবে এক মাস ও দুই মাসের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি চালানো হয় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা ডিপোর পাশের একটি অটোরিকশার গ্যারেজে। সেখানে অবৈধভাবে মজুত রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সিফাত গাজী নামে একজনকে আটক করে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর দিবাগত রাত ১২টার দিকে একই এলাকার মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় নাসির (৫০) নামে একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।