
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন নীতি দত্ত চাকমা। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাননি। তবে তিনি পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানাবেন বলে নিশ্চিত করেছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পানছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ প্রসীত, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং জনসংহতি সমিতি সন্তু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ত্রিমুখী সংঘাত ও গোলাগুলির ঘটনা ঘটে আসছে।