
সাভারের আশুলিয়ায় আলোচিত গণধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযুক্ত মোসাদ্দেক খান (২৫)কে সোমবার (২৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে আটক করা হয়।
র্যাব-৪ জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিনচিনা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
গ্রেপ্তার হওয়া মোসাদ্দেক আশুলিয়া থানার জামগড়া দরগারপাড় এলাকার মৃত রবিউল খানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি রাত আনুমানিক সোয়া ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ভিকটিমের ভাড়া বাসার সামনে গিয়ে নিজেকে বাড়ির ম্যানেজার পরিচয় দিয়ে দরজায় কড়া নাড়েন মোসাদ্দেক। তার সঙ্গে আরও ছয়জন ছিল। ভিকটিম দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে এবং ভিকটিম ও তার স্বামীকে ভুয়া দম্পতি দাবি করে কাবিননামা দেখতে চায়।
ভিকটিম জানান, কাবিননামা তার মায়ের কাছে রয়েছে। তবে আসামিরা তা উপেক্ষা করে ভিকটিমের স্বামীকে জোর করে একপাশে আটকে রাখে এবং ভিকটিমের হাত-মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। পরে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ভোররাত প্রায় ৪টার দিকে তারা পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তা মো. শাহীনুর কবির জানান, গ্রেপ্তার হওয়া মোসাদ্দেক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, ভিকটিম সদ্য বিবাহিত এবং বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী বিয়ের পর থেকে মাঝেমধ্যে ওই বাসায় যাতায়াত করতেন।
গ্রেপ্তারের পর মোসাদ্দেককে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।