
পটুয়াখালীর কলাপাড়ায় অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) রাতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। আদেশে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের নির্দেশনা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪ এর ৫৪(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, গত ১১ মার্চ থেকে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা ও রুচিবোধে আঘাত লাগে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এছাড়া তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। এ সময় বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন রেজা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিয়ো বার্তায় দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, কিছুদিন ধরে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।