
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে দশটার দিকে গৌরনদী উপজেলার কসবা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস পরিবহন কোম্পানির একটি সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুত্বর আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হন। নিহত মাইক্রোবাসের চালকের নাম মো. রিপন। সে বরিশাল নগরীর বাসিন্দা। অপরজনের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।