
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরের নৌপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচার চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট সংলগ্ন সমুদ্র এলাকা থেকে উদ্ধার অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, গোয়েন্দা তথ্যে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ আউটপোস্ট যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে ধাওয়া করে কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার এবং পাচারকারী ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল।
উদ্ধার ব্যক্তিরা ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের কর্মকর্তা জানান, মানবপাচার রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।