
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৫-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এবং মঙ্গলবার ভোরে র্যাব-৫-এর দুটি আলাদা দল রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ২৪টি ককটেল এবং পুঠিয়ার বানেশ্বর পোল্লাপুকুর এলাকা থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, আঠারোটি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার। জব্দ করা সব আলামত পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাধা সৃষ্টি অথবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল।
র্যাব-৫ কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।