
লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক নারী ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়।
সোমবার (০৫ এপ্রিল) দিনব্যাপী পৌরসভার প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীসহ আরও অনেকেই।
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই।
এ অঞ্চলের অনেক মা নিজের ও সন্তানের সঠিক চিকিৎসা করাতে পারেন না। আমরা তাদের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এতে মা ও শিশুদের ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।