
ভোটের উত্তাপের মধ্যেই নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিসের চেয়ার-টেবিলসহ পাশের একটি দোকান পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে নোয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী বরকত উল্যাহ বুলুর নির্বাচনী অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, পরিকল্পিতভাবে জামায়াতের লোকজন এ অগ্নিসংযোগ করেছে। তাদের অভিযোগ, ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এই ঘটনা ঘটানো হয়েছে।
তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ অভিযোগ করে বলেন, “জামায়াতের লোকজন নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। আগুনে অফিসের আসবাবপত্র সব পুড়ে অনেক টাকার ক্ষতি হয়েছে। ধানের শীষের পক্ষে থাকা ভোটারদের ভয়ভীতি দেখাতে এই ঘটনা করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।”
এদিকে বিএনপির অভিযোগ প্রসঙ্গে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবদুজ জাহের বলেন, “আমাদের বিরুদ্ধে বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএপির নির্বাচনী অফিসের পাশে দোকান। দোকানঘরে আগুন লেগে নির্বাচনী অফিস পুড়েছে। আমরা দলের পক্ষ থেকে এ মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাই।”
ঘটনার বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “কীভাবে আগুনের সূত্রপাতের হয়েছে তা এখনও জানা যায়নি। নির্বাচনী অফিস ও একটি সাইকেলের গ্যারেজ পুড়ে গেছে। বিষয়টি তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”